ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয় তুলে নিয়েছে হামজা দেওয়ান চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। শুক্রবার (গতকাল) কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্মিংহাম সিটিকে ২-০ গোলে হারায় সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের আনন্দ কিছুটা ম্লান করে দেয় হামজার চোট।
ম্যাচ চলাকালে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডার। এ ঘটনায় লেস্টার সিটির পক্ষ থেকে এখন পর্যন্ত তাঁর চোটের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আপডেট দেওয়া হয়নি। তবে ম্যাচ শেষে হামজার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট বাংলাদেশ ও লেস্টার সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। যদিও তিনি চোটের বিস্তারিত জানাননি, তাঁর বার্তায় গুরুতর কিছু হয়নি বলেই ধারণা করছেন ভক্তরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লেস্টার। খেলার অষ্টম মিনিটেই আবদুল ফাতাউয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে সেই লিড ধরে রাখলেও বিরতির পর সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্মিংহাম সিটি।
এক পর্যায়ে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় সফরকারীরা। তবে কিয়েগো ফুরুহাশির ভলিতে নেওয়া শট লেস্টারের ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় তাদের।
শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে লেস্টার। নির্ধারিত সময়ের ৮৮তম মিনিটে রিকার্ডো পেরেইরার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি এবং মূল্যবান তিন পয়েন্ট নিজেদের করে নেয়।