ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকায় আব্দুল মালেকের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মালেক ডহরশঙ্কর গ্রামের বাসিন্দা ও মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে মাদক-সংক্রান্ত অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।