ঝালকাঠিতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়েরের পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন মো. শহিদুল ইসলাম (৫৪)। অভিযুক্তদের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবনহানির আশঙ্কায় নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না বলে দাবি করেছেন।
ভুক্তভোগী শহিদুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার মানপাশা গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।
অভিযোগে তিনি জানান, নিজ মালিকানাধীন জমিতে নির্মাণকাজ শুরু করতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর বিকেল ৫টার দিকে জমিতে গেলে অভিযুক্তরা পুনরায় তাঁকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ অক্টোবর ঝালকাঠি আদালতে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং তাঁকে ও তাঁর পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
শহিদুল ইসলামের দাবি, অভিযুক্তদের ভয়ে তিনি বর্তমানে বাড়িতে থাকতে পারছেন না। জীবন রক্ষার্থে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।