রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। পরে তারা সরে না গেলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পাশাপাশি লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বিদ্যমান মজুরি দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। তাই ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
তবে সংঘর্ষে হতাহত বা আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।