ঝালকাঠিতে স্বাস্থ্যসেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির উদ্যোগে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের বিদ্যমান সমস্যা, চিকিৎসক ও জনবল সংকট, ওষুধ সরবরাহের সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা সেবার মান বাড়াতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি আলোচনায় উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তদারকি আরও জোরদার করার আশ্বাস দেন।
অধিপরামর্শ সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি জনবল সংকট নিরসন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অংশগ্রহণকারীরা সবার জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।